কলমাকান্দায় ট্রলারডুবিতে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১১:৪৪

নেত্রকোনার কলমাকান্দায় মহিষখোলা নদীতে দুই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর   ব্যবসায়ী মোশারফ হোসেনের (৩৫) লাশ  রবিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। তিনি উপজেলার রংছাতী ইউনিয়নের তেরতোপা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

গত শনিবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও মহিষখোলা নদী ওরফে মরাচড়ায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হলে একটি ট্রলার ডুবে গেলে এই ব্যবসায়ী নিখোঁজ হন।    

আরও পড়ুন: রংপুর- ৩ আসনের উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে: জানিপপ

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোশারফ হোসেন গত শনিবার সকালে পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ধাতিয়া বাজারে ব্যবসার কাজে যান। কাজ শেষে ওই দিনই সন্ধ্যায় ট্রলারযোগে বাড়ি ফেরার পথে উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও বাজারে মহিষখোলা নদী ওরফে মরাচড়ায় গাড়িঘাট এলাকায় এসে দুই ট্রলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একটি ট্রলার ডুবে যায়। ট্রলার থেকে সব যাত্রীরা সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও ব্যবসায়ী মোশারফ নিখোঁজ থাকেন। অনেক খোঁজাখুঁজির পারও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রবিবার আজ সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই ওই নদীর থেকে তার লাশ উদ্ধার করেছে।

উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ মোশারফ হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু সায়েম বলেন, রাতেই দুটি ইঞ্জিন চালিত নৌকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম