বিসিএল

রনি তালুকদার, আশরাফুলের সেঞ্চুরি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

স্পোর্ট রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড শুরু হয়েছে। প্রথম দিনে গতকাল সেঞ্চুরি হয়েছে দুটি। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন রনি তালুকদার ও মোহাম্মদ আশরাফুল। রাজশাহীতে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে তাদের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে পূর্বাঞ্চল তিন উইকেটে ৩৫৪ রান করেছে। ডাবল সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে আছেন রনি তালুকদার। দুই সেঞ্চুরিয়ানই অপরাজিত রয়েছেন। রনি তালুকদার ১৮৩, আশরাফুল ১০৭ রানে ব্যাট করছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে আট উইকেটে ২৩৪ রান তুলেছে ওয়ালটন মধ্যাঞ্চল। তাইবুর রহমান ৪৩, ইয়াসিন আরাফাত ৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে তাই মধ্যাঞ্চলের স্কোরটা বড় হওয়ার সম্ভাবনা কমই বলা যায়। 

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করা পূর্বাঞ্চল ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাদিকুরের (০) উইকেট হারায়। দলীয় ৪১ রানে অধিনায়ক মুমিনুল হকও (২৬) সাজঘরে ফিরেন। লাঞ্চের পর মাহমুদুল হাসান ২৯ রান করে আউট হন। তারপর দিনভর আর পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের টলাতে পারেনি উত্তরাঞ্চলের বোলাররা। ২৪১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন রনি তালুকদার ও আশরাফুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ম সেঞ্চুরি করেন রনি তালুকদার। আশরাফুল তুলে নেন ২০তম সেঞ্চুরি। ১৯টি চার ও ৫টি ছয়ে রনি অপরাজিত ১৮৩ রান করেন। ১৮৬ বলে ১৩ চারে ১০৭ রান করে অপরাজিত আশরাফুল। উত্তরাঞ্চলের ইমরান আলী, সোহাগ গাজী ও সানজামুল ইসলাম একটি করে উইকেট পান।

চট্টগ্রামেও টসে হেরে আগে ব্যাট করে মধ্যাঞ্চল। ১৬ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছিল দলটি। সাদমান ইসলাম ও মার্শাল আইয়ুবের ৮৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় মধ্যাঞ্চল। কিন্তু সেই ভিতের উপর দাঁড়িয়েও স্কোরটা খুব বেশি এগিয়ে নিতে পারেনি তারা। কম বেশি ভালো শুরু পেয়েছেন কয়েকজন মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তাদের কেউই। সাদমান ইনিংস সর্বোচ্চ ৬০, মার্শাল আইয়ুব ৪৪ রান করেন। অধিনায়ক শুভাগত হোম ২৭, জাকের আলী ১৯, মোশাররফ হোসেন রুবেল ২১ রান করেন। একপ্রান্ত আগলে দিনের খেলা শেষ করেছেন তাইবুর রহমান। শেষ বেলায় ইয়াসিন আরাফাতের সঙ্গে ৯ রানের জুটি গড়েন অবিচ্ছিন্ন রয়েছেন তিনি। দক্ষিণাঞ্চলের পক্ষে আল-আমিন তিনটি, রাজ্জাক ও মেহেদী হাসান দুটি করে উইকেট পান।  

সংক্ষিপ্ত স্কোর

n ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চল

পূর্বাঞ্চল: ৩৫৪/৩, ৯০ ওভার (রনি তালুকদার ১৮৩*, আশরাফুল ১০৭*, মাহমুদুল হাসান ২৯, মুমিনুল হক ২৬; ইমরান আলী ১/৩৯, সোহাগ গাজী ১/৫৬, সানজামুল ১/৮০)

n ওয়ালটন মধ্যাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল

মধ্যাঞ্চল: ২৩৪/৮, ৯২ ওভার (সাদমান ৬০, মার্শাল আইয়ুব ৪৪, শুভাগত হোম ২৭, মোশাররফ হোসেন ২১, জাকের আলী ১৯, তাইবুর রহমান ৪৩*, ইয়াসিন আরাফাত ৫*; আল-আমিন হোসেন ৩/৫১, মেহেদী হাসান ২/৫০, রাজ্জাক ২/৬৯)