ব্যাট দিয়ে হবে টস!

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

স্পোর্ট রিপোর্টার

পাড়া-মহল্লার ক্রিকেটে এমনটা প্রায়ই দেখা যায়। কারো পকেটে কয়েন না পাওয়া গেলে ব্যাট দিয়েই টস করা হয়। সেটা কিভাবে? ব্যাটটা উপরে ঘুরিয়ে তুলে মারা হবে, এর আগে যার কল তাকে বলতে হবে ‘উঁচু অংশ না সমান অংশ’। গলির ক্রিকেটের আদি-অকৃত্রিম এই রীতিকে এবার রীতিমত স্বীকৃত ক্রিকেটে নিয়ে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

দেশটির ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশের আসন্ন মৌসুমে কয়েনের পরিবর্তে টস করতে ব্যবহার করা হবে ক্রিকেট ব্যাট। বিগ ব্যাশে ব্যাট দিয়ে টস করার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কয়েনের বদলের ব্যাটে টস করা প্রথম অধিনায়ক হবেন ক্রিস লিন। কারণ আসন্ন মৌসুমের উদ্বোধনী ম্যাচেই অ্যাডিলেড স্ট্রাইকারের মুখোমুখি হবে লিনের ব্রিসবেন হিট। যেখানে টস করবেন ক্রিস লিন। আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর।

সেখানে পাড়ার ক্রিকেটের মতোই যে কোনো একজন অধিনায়ক আকাশে ছুড়ে মারবেন ক্রিকেট ব্যাট, অপরজন ডাক দেবেন ‘হিল অথবা ফ্ল্যাট’। এভাবেই নির্ধারিত হবে টসজয়ী। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ প্রধান কিম ম্যাকোনি জানিয়েছেন এমন তথ্য।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা অত্যন্ত তাত্পর্যপূর্ণ একটি মুহূর্ত। এতেই প্রমাণিত হয় বিগ ব্যাশ অনন্য। আপনি কয়েন টসের কথা চিন্তা করেন, এটা কিন্তু সাধারণত বাচ্চারা করে না। তারা তাদের উঠানে কি করে? ব্যাট দিয়েই টসের কাজ সেরে ফেলে।’

তবে সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই দেখা দিয়েছে জটিলতা। নিন্দুকদের মন্তব্য এমন যে ব্যাট দিয়ে যদি টস করা হয় তাহলে স্বাভাবিকভাবেই ‘উঁচু’ পাশটাই বেশিরভাগ সময় থাকবে উপরে। তাই যিনি ব্যাট ছুড়ে মারবেন তার টস জয়ের সম্ভাবনা কমে যাবে।

এ সমস্যার সমাধানও ভেবে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধুমাত্র টস করার জন্যই বিশেষ ডিজাইনের ব্যাট বানাচ্ছে তারা। ম্যাকোনি বলেন, ‘আপনারা হয়তো অবাক হয়ে যাবেন! আমরা এ টসের জন্য রীতিমতো বিজ্ঞানসম্মত পথ বেছে নিয়েছি। আমরা বিশেষ কিছু ব্যাট বানাবো যেগুলোর কারণে কেবল এক পিঠই বেশিরভাগ সময় উপরে থাকার সম্ভাবনা কমে যাবে। এরই মধ্যে কোকাবুরা কোম্পানিতে থাকা আমার কয়েকজন বন্ধুর সাথে এব্যাপারে কথাও বলে ফেলেছি।’