চ্যাম্পিয়ন্স লিগ

বড়দের গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই আজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী রিয়াল মাদ্রিদ আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিয়ম রক্ষার খেলায় ‘জি’ গ্রুপে  রাশিয়ার সিএসকেএ মস্কোকে আতিথ্য দেবে। গ্রুপ শ্রেষ্ঠত্বের লক্ষ্যে অন্য খেলাগুলোয় মাঠে নামবে ম্যানচেস্টারের দুই দল, জুভেন্তাস এবং বায়ার্ন মিউনিখের মতো মহাদেশীয় শক্তিরা।

জুভেন্তাস গ্রুপ ‘এইচ’ থেকে আগেই শেষ ষোল নিশ্চিত করে রেখেছিল। ইয়ং বয়েজের বিপক্ষে আজ তাই কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির দল জয় নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে চায়। তবে জয়ভিন্ন ড্র কিংবা হার তাদের বিপদের কারণও হতে পারে। কেননা সেরকম পরিস্থিতিতে গ্রুপসেরা হওয়ার সুযোগ থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডের।

ইংলিশ ক্লাবটিকে অবশ্য সেজন্য আগে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে জিতে আসতে হবে।  এসব পরিস্থিতি মিলে গেলে  জুভেন্তাসের মাঠে মুখোমুখি লড়াইয়ে বেশি গোল করার সুবিধায় গ্রুপসেরা হয়ে পরের পর্বে উঠবে কোচ হোসে মরিনহোর ইউনাইটেড। জুভেন্তাস তিন পয়েন্ট পেলে সম্ভাব্য জয়েও রানার্স আপে সন্তুষ্ট হতে হবে রেড ডেভিলদের।

ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে লড়বে হফেনহেইমের বিরুদ্ধে। বর্তমানে ‘এফ’ গ্রুপের তলানিতে থাকা জার্মান দলটির সামনে হাতছানি আছে গ্রুপের তৃতীয় দল হয়ে ইউরোপায় খেলার। সে লক্ষ্যপূরণে ইংলিশ চ্যাম্পিয়নদের হারানোর উচ্চাভিলাস নিয়েই ইত্তেহাদ স্টেডিয়ামে নামবে তারা।

সিটির সামপ্রতিক ফর্ম কোচ পেপ গার্দিওলার কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। ওয়াটফোর্ডের বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর চেলসির কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজেয় যাত্রার সমাপ্তি ঘটিয়েছে তারা। তাই আজ আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি নিয়েই হফেনহেইমের মুখোমুখি হবে সিটিজেনরা।

বায়ার্ন মিউনিখ এবং আয়াক্স আমস্টারডমের মধ্যকার লড়াইটি হয়ে দাঁড়িয়েছে ‘ই’ গ্রুপের শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই। এই ম্যাচের জয়ী দলই গ্রুপ-সেরা হয়ে পরের পর্বে পা রাখবে।

নিজেদের মাঠে এই ম্যাচের আগে ইতিহাস থেকে প্রেরণা নিতে পারে আয়াক্স। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে কখনো হারেনি ডাচ দলটি। শেষ ২০টি ইউরোপীয় খেলায় মাত্র একটিতে হারের স্বাদ নিয়েছে তারা। বায়ার্নের বিরুদ্ধে গ্রুপের আগের খেলায় ১-১ গোলে ড্র করেছিল আয়াক্স।

বুন্দেসলিগায় এই মৌসুমে বায়ার্ন মিউনিখের অবস্থা কিছুটা প্রতিকূল হলেও ইউরোপীয় শ্রুেষ্ঠত্বের আসরে বরাবরের মতোই প্রতাপের সঙ্গে খেলছে তারা। তবে আয়াক্সের বিপক্ষে আগের ম্যাচটি ড্র করায় আজ কিছুটা সতর্ক হয়েই মাঠে নামতে হবে কোচ নিকো কোভাচের শিষ্যদের। রিয়াল মাদ্রিদ ‘জি’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা রোমার সঙ্গে দুই খেলাতেই জিতে গ্রুপ-শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছিল আগেই। তারপরও মস্কোর বিপক্ষে এই ম্যাচটি বেশ গুরুত্ব পাচ্ছে খেলোয়াড়দের কাছে। এ জন্য লা লিগায় হুয়েস্কার বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পরদিন ঐচ্ছিক ছুটি থাকা সত্ত্বেও অনুশীলনে ঘাম ঝরিয়েছেন অধিনায়ক সের্জিও রামোস এবং রাফায়েল ভারানের মতো অভিজ্ঞরা। সাথে যোগ দিয়েছিলেন দানি সেবায়োস, মার্কোস লরেন্তে, লুকাস ভাসকেজদের মতো তরুণরাও। রুশ ক্লাবটির বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে কোচ সান্তিয়াগো সোলারির দল।