ঢাকা মেট্রো ছেড়ে বরিশালে আশরাফুল

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৫১

 স্পোর্টস রিপোর্টার

প্রায় ২০ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সব সময় ঢাকা মেট্রো তথা ঢাকার দলের হয়েই খেলেছেন তিনি। এবারই প্রথমবার ঢাকার বাইরের কোনো বিভাগীয় দলের হয়ে এনসিএল খেলতে যাচ্ছেন আশরাফুল। আগামী ১০ অক্টোবর শুরু হতে চলা এনসিএলে বরিশাল বিভাগের হয়ে খেলবেন তিনি। বরিশালের প্রথম ম্যাচ রাজশাহীতে। আজকালের মধ্যেই রাজশাহী চলে যাবেন তিনি। বরিশালের হয়ে খেলা প্রসঙ্গে গতকাল মিরপুর স্টেডিয়ামে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বলেছেন, ‘যেহেতু আমি এবছর ভিন্ন একটি দলে খেলছি, এই প্রথম ঢাকার বাইরে খেলছি। বরিশালের হয়ে খেলব, অবশ্যই চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার।’

গত মৌসুমেও ঢাকা মেট্রোর হয়ে খেলেছিলেন তিনি। এবারও একই দলে খেলার পরিকল্পনা ছিল আশরাফুলের। কিন্তু এই মৌসুমে ঢাকা মেট্রোর হয়ে দুই রাউন্ড খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাই আশরাফুলকে প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ দিতে পারবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রো। তখনই দল বদলের চিন্তা করেন আশরাফুল। কারণ এনসিএলের শুরু থেকেই খেলতে চান তিনি। সুযোগ দেওয়ায় বরিশাল বিভাগীয় দলের টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

৩৫ বছর বয়সি এই ক্রিকেটার গতকাল বলেছেন, ‘সত্যি কথা বলতে অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল বাইরের একটি দলে খেলার। কারণ ভিন্ন একটা দলের সঙ্গে থেকে কয়েকটা মৌসুম খেলার আমার খুব ইচ্ছা। ধন্যবাদ আমাকে বরিশালে দেওয়ার জন্য এবং বরিশাল আমাকে নেওয়ার জন্য। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার।’ প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৬ ম্যাচে আশরাফুল ২৮.৯৪ গড়ে ৭ হাজার ৯৩১ রান করেছেন। যেখানে ২০টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি রয়েছে।