নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নাগরপুরে বর্তমান সরকারের গত ১০ বছরের উন্নয়ন নিয়ে ‘যে কারণে নৌকায় ভোট দিবেন’ শিরোনামে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটুর পক্ষে ভোট প্রার্থনা জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ জনগণ থেকে দলীয় নেতাকর্মী সকলেই এর প্রশংসা করেছেন।
গত ১০ বছরের উন্নয়ন সম্বলিত এ লিফলেটগুলো উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও জনগুরুত্বপূর্ণ স্থানে নিজ উদ্যোগে বিতরণ করছেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম।
এই লিফলেটে বাংলাদেশে ও এ নির্বাচনী এলাকার ২০টি ইউনিয়নের কোথায় কি উন্নয়ন হয়েছে তা তুলে ধরা হয়েছে। বর্তমান সরকারের গত ১০ বছরের ৪৪টি অর্জন ও উন্নয়নের কর্মকাণ্ডের পরিসংখ্যান দেওয়া হয়েছে। এ ছাড়া বর্তমান সরকারের চলমান উন্নয়ন কাজের কথাও উল্লেখ করা হয়েছে। শিক্ষা, কৃষি, মত্স্য, চিকিত্সা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের পাশাপাশি নাগরপুর উপজেলায় দুটি বড় সেতু নির্মাণ, ফায়ার সার্ভিস, উপজেলা কমপ্লেক্স ভবন, মুক্তিযোদ্ধা ও থানা কমপ্লেক্স ভবন নির্মাণের কথাও বলা হয়েছে। উন্নয়নের সচিত্র এই লিফলেট টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) নির্বাচনী এলাকার হাট-বাজার, রাস্তাঘাটের মোড় এবং জনবহুল এলাকায় বিতরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে সারাদেশে ও এ নির্বাচনী এলাকার কোথায় কী উন্নয়ন হয়েছে তা যাতে সাধারণ মানুষ সহজেই অনুধাবন করতে পারেন এবং আগামী নির্বাচনে এ এলাকার মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেন সেজন্যই ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে বলে জানান জাকিরুল ইসলাম উইলিয়াম।
