কর্মকর্তা ছাড়াও বহিরাগতরা থাকবে ইসির নজরদারিতে

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:৫৪

ব্যক্তির শনাক্তকরণ যন্ত্র বসানো হচ্ছে দুই ভবনে

g সাইদুর রহমান

নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তা ছাড়াও বহিরাগতদের কর্মকাণ্ড নজরদারিতে আনা হচ্ছে। বিশেষ করে ভবিষ্যতে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে (ইসি) গেলে বিশেষ একটি যন্ত্র সেই ব্যক্তির চেহারা শনাক্ত করবে। ব্যক্তি ইসি সচিবালয়ের নিজস্ব কর্মকর্তা হলে তার মুখমণ্ডল জুড়ে বর্গাকৃতির সবুজ রেখা জ্বলে উঠবে। আর ব্যক্তি বহিরাগত হলে জ্বলবে লাল রঙের রেখা।

ব্যক্তির চেহারা শনাক্ত করার এই যন্ত্রটি (ফেস রিকগনিশন মেশিন) অচিরেই আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও পাশের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে বসানো হবে। ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার জন্য এই যন্ত্র বসানো হবে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম গতকাল রবিবার পরীক্ষামূলকভাবে যন্ত্রটি চালু করেন।

সাইদুল ইসলাম ইত্তেফাককে বলেন, এই যন্ত্র বসানোর পর প্রতিদিন ইসি ও ইটিআই ভবনে কারা কারা প্রবেশ করলেন, তা জানা যাবে। ইসির নিজস্ব কর্মকর্তা-কর্মচারী ছাড়াও গণমাধ্যমকর্মীসহ অন্য যারা নিয়মিত ইসিতে দায়িত্ব পালন করেন, তাদের ক্ষেত্রেও চেহারা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবুজ রেখা জ্বলে উঠবে। আর যে ব্যক্তির মুখমণ্ডলে সবুজ রেখা জ্বলে উঠবে সেই ব্যক্তি সম্পর্কে মেশিন নিয়ন্ত্রণ কক্ষকে সতর্ক করবে। এনআইডি বিভাগের বিশেষজ্ঞ কর্মকর্তারা জানান, নির্বাচন ভবন ও ইটিআই ভবনের জাতীয় পরিচয়ের সার্ভারসহ স্পর্শকাতর সব জায়গায় এই যন্ত্রটি বসানো হবে। এ ছাড়া নির্বাচন ভবন ও ইটিআই ভবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমেও কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের গতিবিধি লক্ষ্য করা যাবে।

মূলত রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্তির পর অতি সতর্কতা অবলম্বন করছেন ইসির সংশ্লিষ্টরা। তারা বলছেন, ইসির সার্ভারের সঙ্গে সংশ্লিষ্ট কেউই যাতে অসাধু উপায়ে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করতে না পারে সেজন্য এই উদ্যোগ।

এনআইডি অনুবিভাগ জানিয়েছে, বর্তমানে জাতীয় পরিচয়ের সার্ভার স্টেশন সংস্কারের কাজ চলছে। বর্তমান সার্ভারের ধারণক্ষমতা ৫০ টেরাবাইট। এর মধ্যে ১০ কোটি ৪২ লাখের বেশি ভোটারের তথ্য ধারণ করতে ব্যয় হয়েছে ৪৫ টেরাবাইট। যে কারণে দীর্ঘদিন ধরে সার্ভার স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ সমস্যা কাটানোর জন্য ইসি আরো ১০০ টেরাবাইট ধারণক্ষমতার সার্ভার বসানো কাজ শুরু করেছে।

এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, বর্তমান সার্ভারের মন্থরগতির কারণে সেবাগ্রহীতাদের ভোগান্তি সইতে হচ্ছে। নতুন সার্ভার চালু হওয়ার সেই সমস্যা আর থাকবে না।