আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ পেয়েছে। গতকাল রবিবার দুপুরে সিরাজগঞ্জে তার বাসভবনে জাতীয় পত্রিকার কজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উত্সব শারদীয় দুর্গা পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এর আগে শনিবার রাতে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মোহাম্মদ নাসিম তার শহরের বাসভবনে রাজনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় দলের সহসভাপতি হাজী ইসহাক আলী, অ্যাডভোকেট আবদুর রহমান, আবদুস সামাদ তালুকদার, আবদুল বারী শেখ, শামসুজ্জামান আলো, অ্যাডভোকেট আবদুর রউফ পান্না, শেখ সেলিম আহম্মেদ, দানিউল হক মোল্লা আবদুল হাকিম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি জাকির হোসেন লিমন প্রমুখ।
