বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পলাতক চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল রবিবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন। আত্মসমর্পণ করা আসামিরা হচ্ছেন:প্রাপ্তবয়স্ক আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, অপ্রাপ্তবয়স্ক রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ রায়হান (১৬) ও প্রিন্স মোল্লা (১৫)।
বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী আসামি মোহাইমিনুল ইসলাম রিফাতের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অপর তিন জনের জামিন আবেদন শুনানির জন্য শিশু আদালতে প্রেরণ করেন। এ মামলার আরো চার অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন। এরা হলো: প্রাপ্তবয়স্ক মো. মুসা, অপ্রাপ্তবয়স্ক মো. নাইম, মো. রাকিবুল হাসান নিয়ামত (১৫) ও সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুলাহ (১৭)। গত ৩ অক্টোবর বরগুনার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ মামলার পলাতক আট অভিযুক্তের মালামাল ক্রোকের নির্দেশ দেন।
