উপজেলার গৌরিপুর ইউনিয়নের উত্তর পৈইকখালী গ্রামে বিউটি বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী ফিরোজ। জানা গেছে, ফিরোজ ঢাকা থেকে বাড়িতে এসে সন্তানদের অন্যত্র পাঠিয়ে দিয়ে শনিবার গভীর রাতে স্ত্রীকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে বসতঘরের সিঁড়িতে ফেলে রাখে। এ সময় স্বজনরা এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। যদিও নিহত গৃহবধূর স্বামী ফিরোজ জানান, শনিবার গভীর রাতে সেসহ বিউটি বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। ফেরার পথে হঠাত্ অজ্ঞাত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় প্রাণের ভয়ে ফিরোজ দৌড়ে ঘরে প্রবেশ করলে হামলাকারীরা বিউটিকে কুপিয়ে ফেলে রেখে যায়। কিন্তু পরে স্বামী ফিরোজের স্বীকারোক্তি মোতাবেক বাড়ির বালির স্তূপ থেকে একটি রাম দা উদ্ধার করে পুলিশ। এসময় উপস্থিত জনতার সামনে স্ত্রীর অনৈতিক চলাফেরা সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে বলে জানায় স্বামী ফিরোজ। গতকাল রবিবার পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া) সার্কেল হাসান মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
