কালিয়া (নড়াইল) সংবাদদাতা
কালিয়া উপজেলার নড়াগাতিতে যুবলীগ নেতাসহ দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় ইউপি সদস্য ইলিয়াছ আহম্মেদসহ শতাধিক লোককে আসামি করে মামলা হয়েছে। নিহত যুবলীগ নেতা ইমান আলীর ভাগ্নে জসিম মোল্যা বাদী হয়ে ঘটনার পাঁচ দিন পর সোমবার রাতে নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে দীর্ঘদিন যাবত্ কলাবাড়িয়া ইউপির সাবেক সদস্য মোঃ অলিয়ার রহমান মোল্যা ও কলাবাড়িয়া ইউপির বর্তমান সদস্য ইলিয়াছ মোল্যার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে লড়াই চলে আসছিল। গত ৬ ডিসেম্বর সকালে অলিয়ার গ্রুপের সমর্থক কান্দুরী গ্রামের সাদেক মোল্যার ছেলে ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্যা ও ফহম মোল্যার ছেলে রুকু মোল্যাসহ ৭/৮ জন তাদের নিজস্ব জমির ধান কাটতে রুকুর বাড়ির পাশের একটি জমিতে গেলে ইলিয়াছ গ্রুপের শতাধিক লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে এবং শর্টগান দিয়ে গুলি ছুড়তে শুরু করে। এ সময় ইমান আলীসহ তার সঙ্গীরা আহত হয়। আহতদের মধ্যে ইমান আলী ও রুকু হামলাকারীদের হাতে ধরা পড়লে তাদেরকে গুলি করে ও কুপিয়ে আহত করলে ঘটনাস্থলেই ইমান আলী নিহত হয়। রুকুকে মুমূর্ষু অবস্থায় কালিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
