মনপুরায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্টকে গলা কেটে হত্যা!

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:০১

ভোলার মনপুরা উপজেলায় ডাচ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার রাত সাড়ে ১২টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়।

নিহত আলাউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মো. মজিবুল হক মোল্লার ছেলে। তিনি উপজেলার ফকিরহাট বাজারের ডাচ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট এর পাশাপাশি বিকাশ, রকেট, সার-কীটনাশক ব্যবসায়ী ছিলেন।

প্রতিবেশী আমিনুল ইসলাম শামীম জানান, রাতে আলাউদ্দিন গলায় হাত ধরে আমার বাড়িতে দৌড়ে আসে। প্রথমে আমি ভয় পেয়ে যাই। তার সারা শরীরে রক্তমাখা ছিল। একপর্যায়ে আমি চিত্কার শুরু করলে তার স্ত্রীসহ ছেলেমেয়ে ও স্থানীয়রা ঘর থেকে বাইরে আসে। পরে মোটরসাইকেলযোগে তাকে মনপুরা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঐ ব্যবসায়ীর কর্মচারী দিবাকর চন্দ্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।