ঠাকুরগাঁও জেলা প্রাথমিক অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ এক কর্মচারীকে আটক করেছে দুদক।
সোমবার সকালে দিনাজপুর দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে।
দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের টিম ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার সময় হাতেনাতে ঐ দুজনকেই আটক করা হয়। পরে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানের বাসভবনে তল্লাশি চালায় দুদক।
দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, তথ্যের ভিত্তিতে তাদের ঘুষের নগদ অর্থসহ অফিস চলাকালীন আটক করা হয়। শিক্ষক নিয়োগের সঙ্গে ঠাকুরগাঁওয়ে কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তিনি জানান। পরে আটককৃতদের দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম দুজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।
