‘গণিতের খাতা উন্মুক্ত রেখেই ডাকে সাড়া দেন আবরার’

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:২২

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে দুর্বৃত্তরা ডেকে নেয়ার সময় আবরারের গণিতের খাতাটা খোলাই ছিল। বইয়ের অংক অসমাপ্ত রাখলেও ঘাতকরা তার জীবনের অংকের হিসাব শেষ করে দিয়েছে। 

বুয়েটর শেরে বাংলা আবাসিক হলে গিয়ে আবরারের ১০১১ নম্বর রুমে তার পড়ার টেবিলে অংক খাতাটি উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে। তার এক সহপাঠী জানিয়েছে, ডেকে নেয়ার সময় অংক করছিলেন আবরার।  

আরও পড়ুন : আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

শেরে বাংলা হলের আবাসিক ছাত্ররা বলেছেন, গতরাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে ডেকে নিয়ে ‘শিবিরকর্মী’ সন্দেহে জেরা করার পর ক্রিকেট স্ট্যাম্প দিয়ে ছাত্রলীগের কয়েকজন আবরারকে পেটান। এই ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ। 

আবরার ফাহাদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রবিবার সন্ধ্যার পরে তাকে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া।

ইত্তেফাক/কেআই