বরাবরই দেশের সবচেয়ে বড় প্রথম শ্রেণির ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লিগের সঙ্গে থেকেছে ওয়ালটন। এবার এই সম্পর্কটাকে আবারো দীর্ঘতর করল তারা। দ্বিতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগের তিন বছরের টাইটেল স্পন্সরশিপ ওয়ালটনের কাছে বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে। একই সাথে জাতীয় লিগের এবারের আসরের লোগোও উন্মোচন করা হয়।
এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘গত আট বছরের মতো আবারও তিন বছরের জন্য জাতীয় লিগের টাইটেল স্পনসর হতে পেরে আমরা আনন্দিত। আসলে দেখা যায়—আন্তর্জাতিক সিরিজে প্রচুর স্পন্সর পাওয়া যায়। মূলত নিজেদের ব্র্যান্ডিং আর মাইলেজের জন্যই কোম্পানিগুলো আসে। কিন্তু আমরা সেদিক থেকে ভিন্ন, দেশের ঘরোয়া ক্রিকেটে যুক্ত হওয়ার মূল কারণ ব্র্যান্ডিংয়ের চাইতেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে।’
জানিয়ে রাখা ভালো, আগামী ১০ অক্টোবর থেকে দেশের চারটি মাঠে শুরু হবে জাতীয় লিগের খেলা। প্রথম দুই রাউন্ডে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
