সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে অস্বচ্ছতা

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২২:০৮

জাতীয় বেতন স্কেল ২০১৫-তে সরকার প্রদত্ত অনেক সুযোগ-সুবিধার মধ্যেও প্রযোজ্য বিধি-বিধান না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যদি পদোন্নতি না হতো ভিত্তিতে বেতন নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। অতীতে জাতীয় বেতন স্কেল প্রকাশের পরবর্তী বিভিন্ন প্রজ্ঞাপন/অফিস স্মারক জারির মাধ্যমে পদোন্নতি হয়নি ভিত্তিতে বিষয়টি সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, জাতীয় বেতন স্কেল ২০০৯-এ যদি পদোন্নতি না হতো সে মোতাবেক অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ কর্তৃক কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের সর্বশেষ আদেশ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গেজেট ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে জারি হয়। ঐ গেজেটে ‘যদি পদোন্নতি না হতো সে মোতাবেক’ বেতন নির্ধারণসংক্রান্ত কোনো কিছু উল্লেখ নেই। এমনকি অদ্যাবধি এতদসংক্রান্ত কোনো প্রজ্ঞাপন বা অফিস স্মারকও প্রকাশিত হয়নি। ফলে কর্মকর্তা-কর্মচারীদের নিম্নপদের ভিত্তিতে প্রাপ্য ১ জুলাই ২০১৫ তারিখে বেতন নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। অনেক কর্মকর্তা-কর্মচারী বেতন কম পাচ্ছেন এবং অনেকে পেনশন নির্ধারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারি চাকরিজীবীদের আর্থিক ক্ষতির বিষয়টি লাঘবে নিম্নপদের ভিত্তিতে বেতন নির্ধারণে প্রয়োজনীয় আদেশ প্রদানের জন্য বিশেষভাবে আবেদন করছি।

মো. নূরুল আমিন

১৭০ পূর্ব কাফরুল, ঢাকা ১২০৬