চট্টগ্রামে মানব পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২২:১৬

নগরীর স্টেশন রোডের একটি হোটেল কক্ষে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তিন মানবপাচারকারীকে ১৫টি পাসপোর্টসহ গ্রেফতার করেছে। তাদের  প্রতারণার শিকার হয়ে বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা পাঁচ ব্যক্তিকে পুলিশ উদ্ধার করেছে। কোতোয়ালি থানা সূত্র জানায়, পুলিশের একটি দল গতকাল সোমবার সকাল ১০টায় স্টেশন রোডে মিট টাউন নামের একটি আবাসিক হোটেলে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে গ্রেফতার মানবপাচারকারীরা হলো—সুনামগঞ্জ জেলার আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলার মো. জাহাঙ্গীর আলম এবং মুন্সীগঞ্জ জেলার মো. জাহাঙ্গীর। পুলিশ জানায়, বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তাদেরকে লিবিয়া নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রথমে দুবাই, সেখান থেকে মিশর, তারপর সড়ক পথে লিবিয়ায় নিয়ে যাওয়া হবে বলে মানবপাচারকারীরা তাদেরকে আশ্বস্ত করে। লিবিয়ায় যাওয়ার পর তাদেরকে ভালো কাজ পাইয়ে দেওয়ার কথাও দেওয়া হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা মানবপাচারারীরা এরই মধ্যে হাতিয়ে নিয়েছে। মানবপাচারকারীরা তাদেরকে বলে যে, তারা বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য অল্প পরিমাণ টাকা নিয়েছে। বিদেশ গমনেচ্ছুরা  লিবিয়ায় চাকরি পাওয়ার পর সেখান থেকে উপার্জিত অর্থ কিস্তিতে পরিশোধ করলে তাদের বিদেশ গমনের পুরো খরচ আস্তে আস্তে পরিশোধ হবে।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান,  দেশের বিভিন্ন প্রান্ত থেকে দরিদ্র ব্যক্তিদেরকে বিদেশে অধিক আয়ের প্রলোভন দেখিয়ে এ সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারিত করে আসছে বলে প্রতীয়মান হয়েছে।