বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আপনি যত বড়ো নেতা, কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী বা ঠিকাদার হোন না কেন, অনিয়ম-দুর্নীতি করে পার পাবেন না। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান চলবে, দোষীরা বিচারের মুখোমুখি হবে। প্রকল্পে অনিয়ম ও মানহানিকর কাজে কিছু অসাধু মানুষের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। জনমনে প্রশ্ন সৃষ্টির জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অপকর্মের দায় সরকার নেবে না। এই দায় তাদেরকেই নিতে হবে।
সোমবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘বিশ্ব বসতি দিবস-২০১৯’ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি উদ্বোধন করে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আবদুল হামিদ বলেন, ব্যবসার নামে প্রতারণা মেনে নেওয়া হবে না। জনগণের টাকায় পরিচালিত প্রকল্পে দুর্নীতি সহ্য করা হবে না। রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়নে সকলকেই অংশগ্রহণ করতে হবে, তবে যারা দায়িত্বশীল জায়গায় থেকে জনগণের আস্থা নষ্ট করে বিভিন্ন প্রকল্প নিয়ে অনিয়ম দুর্নীতি করে, তাদের কঠোরভাবে দমন করবে সরকার। দেশের উন্নয়নে সরকারের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এর ফলে দেশের মেধাবী, সত্, কর্মঠরা নিজ ভূমিকা রাখতে পারবে। রাষ্ট্রপতি আরো বলেন, বাংলাদেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে পা রেখেছে। আমরা ২০ তলা ভবন মাত্র ১৩ মাসের মধ্যে নির্মাণ করার সক্ষমতা অর্জন করেছি। কিছু অসাধু লোকের জন্য জাতির এ অর্জন কোনোভাবেই ম্লান হতে পারে না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার। পরে অনুষ্ঠান শেষে বসতি দিবস উপলক্ষ্যে আয়োজিত মেলা ঘুরে দেখেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
