গত ৬ ও ৭ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় আসামি এখন আওয়ামী লীগ নেতা’ ও ‘মিজানের দেখা মিলল এক পুলিশ কর্মকর্তার অফিসে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান। তিনি প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার আসামি নন বলে দাবি করেন। প্রতিবাদে মিজান বলেন, তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ১৯৮৪ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা দুইবার ১৬ বছর সাবেক ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে তিনি প্রতিবাদে উল্লেখ করেন।
প্রতিবেদকের বক্তব্য: সুস্পষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে।
