নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মূল দুর্নীতিবাজদের বাদ দিয়ে সরকার চুনোপুঁটিদের ধরছে। চুনোপুঁটিদের সরদারদের ধরতেও সরকার অবিশ্বাস্য গড়িমসি দেখিয়েছে। সম্রাটকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ পর্যায়ের সংকেতের অপেক্ষা করতে হয়েছে, সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন দেখা গেছে। দেশের আইন এবং বিচারব্যবস্থা কতটুকু দেউলিয়া হলে, কতটুকু সরকারি দলের আজ্ঞাবহ হলে সম্রাটকে ধরার জন্য সবুজ সংকেতের অপেক্ষা করতে হয়, সেটা বোঝাই যায়। অবশেষে সম্রাট গ্রেফতার হয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই গ্রেফতার এখন মজা করার বিষয়ে পরিণত হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে চুক্তি করে সরকার যে অপরাধ করেছে, সম্রাটকে গ্রেফতারের মধ্য দিয়ে তা ঢাকা যাবে না। এক ঘটনা দিয়ে আরেক ঘটনাকে ধামাচাপা দেওয়ার এই অস্ত্র বারবার ব্যবহারে ভোঁতা হয়ে গেছে। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ এত বড় মাপে বিকিয়ে দিয়ে আর কখনো এরকম চুক্তি হয়নি। এ চুক্তির প্রতিবাদে কোনো কর্মসূচি দেবেন কিনা, প্রশ্ন করা হলে মান্না বলেন, কর্মসূচির ব্যাপারে তারা এখনো কথা বলেননি। তবে জনগণকে সংঘবদ্ধ করে প্রতিবাদ হওয়া উচিত, তারা বিষয়টি নিয়ে ঐক্যফ্রন্টকে প্রস্তাব দেবেন বলে জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, সদস্য মমিনুল ইসলাম, মোফাখখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
