বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবসিক শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে গতকাল সোমবার সন্ধ্যায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বাহাদুরশাহ্ পার্ক, শাঁখারী বাজার মোড় ও কবি নজরুল কলেজ রোড হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে জবি ক্যাম্পাস ও আশপাশের রাস্তাঘাট। মিছিল শেষে শান্ত চত্বরে এক বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এতে ছাত্র ইউনিয়ন, জবি সংসদের সভাপতি মিফতাহ আল ইহসান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম, ছাত্রলীগ জবি শাখার সাবেক সভাপতি মিজানুজ্জামান খান শামিম প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসে আরেকটি বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
