মতলবে সাংসদ নুরুল আমিন রুহুলের ‘কণ্ঠ নকল করা’ অডিও ভাইরালের অভিযোগ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৮:০১

চাঁদপুর-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের 'কণ্ঠ নকল করে' ফোনে কথোপকথনের রেকর্ড ইউটিউব, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

ইউটিউবে ফাঁস হওয়া চাঁদপুর ২ আসনের (মতলব উত্তর ও দক্ষিণ) এমপি নুরুল আমিন রুহুলকে প্রায় ১০ মিনিটের এই অডিওতে জাপানি হান্নান মিয়া নামের স্থানীয় এক নেতার সঙ্গে আওয়ামী লীগের কমিটি দেয়া নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করতে শোনা গেছে। একইসঙ্গে তার সংসদীয় আসনের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথাও স্বীকার করেন তিনি। এমপি নুরুল আমিন রুহুল এ সময় ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন লেখালেখির জন্য জাপানি হান্নান মিয়াকে দোষারোপ করেন।

ভয়েস রেকর্ড ভাইরাল করার বিরুদ্ধে থানায় করা জিডি। ছবি: ইত্তেফাক

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি জিডি করা হয়েছে। শনিবার ৫ অক্টোবর রাতে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় এ জিডি করেন মতলব উত্তর উপজেলার লতরদি গ্রামের বাসিন্দা এবং জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মেহেদী মাসুদ। মেহেদী মাসুদের দাবি চক্রান্ত ও ষড়যন্ত্র করে একটি স্বার্থান্বেষী মহল গত বুধবার ফেইসবুকে অডিওটি ছড়িয়ে দেয়।

আরও পড়ুন: আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

জিডিতে মেহেদী মাসুদ অভিযোগ করেন, ‘সাংসদ অ্যাড.মো. নুরুল আমিন রুহুল নির্বাচিত হওয়ার পর মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় মাদক, চাঁদাবাজি, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। এ সব ভালো কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এক বা একাধিক অজ্ঞাতনামা ব্যক্তি বুধবার দুপুরে সাংসদের কন্ঠ সংযোজন-বিয়োজন করে তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে মিথ্যা অডিও ভয়েস কল রেকর্ড করে ফেইসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।’

অডিও ক্লিপ: 

ইত্তেফাক/নূহু