মুদ্রণশিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, মেশিনারিজ, কাগজ, কালি, স্পেয়ার্স ও নানাবিধ যন্ত্রপাতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী প্রিন্টেক বাংলাদেশ-২০১৯ শুরু হচ্ছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির (পিআইএবি) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করা হচ্ছে। এ প্রদর্শনীতে সব ধরনের প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পসংশ্লিষ্ট আন্তর্জাতিক পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য প্রদর্শনীটি ১২ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। এ উপলক্ষ্যে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত ও আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভুঁইয়া। তারা জানান, প্রদর্শনীতে স্ক্রিন, ডিজিটাল, সাব্লিমেশন ও টেক্সটাইল প্রিন্টিংয়ের ওপর প্রি-প্রেস, ইন-প্রেস, পোস্ট-প্রেস, ফিনিশিং, কনভার্টিং, সাইনেজ, স্ক্রিন, করুগেশন, কাগজ, প্যাকেজিং, সফটওয়্যার, কালি, মেশিন স্পেয়ার্স, কেমিক্যাল প্রভৃতি সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শন করা হবে।
এসময় আরো জানানো হয়, ইন্ডিয়ান প্রিন্টিং প্যাকেজিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি মেনুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইপিএএমএ) এবং স্ক্রিন প্রিন্টারস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসপিআইএ) থেকে প্রায় ৬০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ প্রদর্শনীতে। এছাড়া চীন এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে। স্থানীয় শিল্পের দোরগোড়ায় আর্ন্তজাতিক অভিনব ও সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরতে এবং বাংলাদেশের এ শিল্পের সঙ্গে অন্যান্য দেশের মধ্যে সেতুবন্ধ তৈরি করতেই মূলত এই আয়োজন।
