চৌগাছার খাল-বিল থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশি মাছ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫০

সারাদেশের মতো চৌগাছার খাল-বিল, জলাশয়, হাওর-বাঁওড় থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মিষ্টি পানির মাছ। উপজেলার মুক্ত জলাশয়, খাল-বিল, নদ-নদী, হাওর-বাঁওড় থেকে পুঁটি, মায়া, খয়রা, সরপুঁটি, ডানকুনো, পাবদা, লালচান্দা, খলিশা, ঝিয়া, টাকি, শিং, মাগুর, ভেদা, ট্যাংরা, কাকিলা, কই, বেলে, শৈল, গজার, বোয়াল, বাইন, ফলুই, চিংড়ি, পাকালসহ প্রায় ৩০ প্রজাতির মাছ বিলুপ্ত হতে চলছে। অঞ্চলের ছোটো-বড়ো হাটে এখন আর এসব মাছের দেখা তেমন একটা মেলে না। মাছ নিধন ও সংরক্ষণের অভাবে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছের বংশবৃদ্ধির হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। ভরা মৌসুমেও উপজেলার বাজারে এ জাতীয় মাছ চোখে পড়ে না। একসময় গ্রামাঞ্চলের জেলেসহ অধিকাংশ মানুষ এসব জলাশয়ে জাল, পাতনজাল, তোড়াজাল, ঠেলাজাল, বর্ষা, ঘুনি, চারউ, দোয়ারী, হাতজাল দিয়ে এসব মাছ ধরেই সংসার চালাতেন।

উপজেলা মত্স্য কর্মকর্তা শাহাজান সিরাজ জানান, উজানে বাঁধ নির্মাণ, নদ-নদী, খাল-বিলের নাব্য হ্রাস, নদীসংশ্লিষ্ট হাওর-বাঁওড়ের গভীরতা কমে যাওয়া, ভরাট করা, মা মাছের আবাসস্থল নালা-ডোবার, খালবিলে পানি না থাকা, অনাবৃষ্টি ও অপরিমিত কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষণ, বিদেশি মাগুর রাক্ষুসে মাছের চাষ, প্রাকৃতিক বৈরী আচরণ ইত্যাদি কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।