কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার অত্যন্ত ব্যস্ত একটি জায়গা। ব্যবসার কেন্দ্রবিন্দু হওয়ায় মানুষের যাতায়াতও অনেক বেশি। একসময় গৌরীপুর বাজার সংলগ্ন গোমতী নদীর ওপর বেইলি ব্রিজ ছিল যানজটের মূল কারণ। নতুন ব্রিজ ছাড়া গৌরীপুরের যানজটের সমাধান হবে না এমন চিন্তাই ছিল জনমনে। কিন্তু নতুন করে ব্রিজ হওয়ার পরেও গৌরীপুরের যানজটের সমাধান হচ্ছে না। ভোর থেকে রাত অবধি যানজট লেগেই থাকে। গৌরীপুরের হাটবার রবিবারে যানজট মাত্রা ছাড়িয়ে যায়। ব্রিজের দক্ষিণ দিকে কাঠ বাজার বসানোর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে মাত্রাতিরিক্ত। চাঁদা আদায় ও রাস্তায় সিএনজিগুলোর স্টপেজ হওয়ায় যানজট থেকে রেহাই নেই। কখনো কখনো সরকারি কোনো বড় অফিসার কিংবা রাজনৈতিক নেতার আগমনে প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা যানজটমুক্ত হতে দেখা যায়। তা শুধু কয়েক মিনিটের জন্য। গৌরীপুর বাজারের রাস্তাটি চার লেনে উন্নীত করা ছাড়া যানজটমুক্ত হবে না। তবে প্রশাসনে মাধ্যমে যানজটমুক্ত রাখা সম্ভব। যানবাহনগুলোর জন্য প্রশাসনের মাধ্যমে রাস্তায় চলাচলের আইনগুলো বাস্তবায়ন করার চেষ্টা করলে গৌরীপুরকে যানজটমুক্ত করা সহজ হবে। যানজটের কবল থেকে রেহাই পেতে চায় গৌরীপুরবাসী। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এম এ রহমান
গৌরীপুর বাজার, কুমিল্লা
