ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছার রায়থুরা এরাইজতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যায় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
নিহত ফারুক হোসেন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার মানকোন ইউনিয়নের আলগীরচর গ্রামের মৃত আইনউদ্দিনের পুত্র এবং মুক্তাগাছা পৌরসভার বৈদ্যুতিক লাইনম্যান ও কর্মচারী সংসদের যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের ছোট ভাই ছিলেন।
আরও পড়ুনঃ ইন্দুরকানীতে বাইসাইকেল মার্কার সমর্থনে উঠান বৈঠক
নিহতের মামাত ভাই আলালউদ্দিনসহ পরিবারের সদস্যরা তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মুক্তাগাছা থানার ওসি আলী আহমদ মোল্লা বলেন, 'শুনেছি । তবে আমি ময়মনসিংহে একটি মিটিংএ আছি।'
ইত্তেফাক/নূহু
