বন্ডের কাপড় চোরাকারবারির ঘটনায় গ্রেফতার ২

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২২:০২

ইসলামপুর এলাকার বন্ডের কাপড় চোরাকারবারিদের বিরুদ্ধে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা এর দায়ের করা ফৌজদারি মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন মোরছালিন (২৬) এবং সাজ্জাদ (৩০)। গতকাল রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন ধরে ইসলামপুর এলাকার বিভিন্ন মার্কেটে বন্ডেড চোরাই ফেব্রিকসের অবৈধ বেচা-কেনার অভিযোগ ছিল। গত ২৫ সেপ্টেম্বর দুপুর ২টা হতে পরদিন সকাল ৭টা পর্যন্ত পুরান ঢাকার ইসলামপুর এলাকায় অবস্থিত আল-ইসলাম কমপ্লেক্স ও শুভরাজ টাওয়ারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন গোপন গুদাম থেকে  মোট ১০৯ টন বন্ডেড চোরাই ফেব্রিক আটক করা হয়। এ ঘটনায় কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কুদ্দুছ কলি বাদী হয়ে এসব অবৈধ পণ্যের আমদানি, সরবরাহ, মজুত, বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুসারে কোতয়ালী থানায় ফৌজদারি মামলা করেন ।  উক্ত মামলাতেই ঐ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।