পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশ থেকে আমদানিকৃত গ্যাস প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রপ্তানি করা হবে। এতে বাংলাদেশেরই লাভ হবে। দেশের প্রাকৃতিক গ্যাস রপ্তানি হচ্ছে না। কিন্তু একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ভারতকে বাংলাদেশ গ্যাস দিয়ে দিচ্ছে। গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভারতের সঙ্গে পানি বিনিময় নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক বিষয়ের কথা মাথায় রেখে ফেনী নদীর কিছু পানযোগ্য পানি ভারতকে দেওয়া হবে। ভারতের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখেই আন্তঃচুক্তি হয়ে থাকে। তারই অংশ হিসেবে আরো নানা চুক্তি হয়েছে যা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
