ছাত্র সমাজকে রাজপথে নেমে আসার আহ্বান বিএনপির

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২২:৪৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারাদেশের ক্যাম্পাসগুলোতে খুন-অপকর্মে জড়িত ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে বলেছেন, আজ সারাদেশে সাধারণ ছাত্র সমাজ ফুঁসে উঠেছে। আবরারের খুনিদের বিচার দাবিতে ছাত্র আন্দোলন এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। ছাত্রসমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান—এই মৃত্যু উপত্যকাকে শান্তিময় করতে এখনই রাজপথে নেমে আসতে হবে। ক্ষমতাসীনদের মূঢ় অহমিকার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধে সামিল হতে হবে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে, দেশের মাটি, পানি রক্ষার যুদ্ধে প্রথম শহীদ আবরার ফাহাদ। ফেনী নদীর নাম ‘আবরার নদ’ করারও দাবি জানান তিনি ।

তিনি বলেন, ছাত্রলীগের খুন, ধর্ষণ, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, টেন্ডারবাণিজ্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রলীগের ক্যাডারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এসব অপকর্মের মধ্য দিয়ে ছাত্রলীগ তার অতীত ঐতিহ্যকে ম্লান করে দিয়েছে। ছাত্রলীগ নামক এই দানবকে নিষিদ্ধ না করলে শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ ফিরবে না। শিক্ষার্থীদের জীবনেরও নিরাপত্তা থাকবে না।