আবরার হত্যার দায় সরকারকে নিতে হবে :রব

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০০:০৯

ডাকসুর সাবেক ভিপি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, আবরার ফাহাদ প্রতিবাদের পতাকা। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে রব বলেন, সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সরকারের পেটুয়া বাহিনী নিষ্ঠুর ও নির্মমভাবে আবরার ফাহাদকে হত্যা করে। সরকারি মদতে আশ্রয়ে-প্রশ্রয়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানকে স্তব্ধ করা, গুম করা, নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিরোধী মত পথকে নিশ্চিহ্ন করে সরকার রামরাজত্ব কায়েমের সংস্কৃতির বিস্তার ঘটিয়েছে। যার দায়দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। এই ‘স্বৈরশাসকের’ বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান রব।