বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগ নেতাদের হাতে নির্মম নির্যাতনে আবরারের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে অস্ত্রসহ আটক করা হয়েছে হুমকিদাতা ছাত্রলীগের সাবেক দুই নেতাকে।
আটককৃত হাসিবুর রহমান তুষার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আবু বকর আলিফ উপ-অর্থ সম্পাদক ছিলেন। তারা উভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসানের অনুসারী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজির মাথায় অস্ত্র ঠেকানোর পরই ঐ দুই নেতাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রিয়াজের ৩১২ নম্বর রুম দখলে নিতে চেয়েছিল তারা। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল সূত্রে জানা যায়, সন্ধ্যায় তুষার রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরেন। কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের অস্ত্রসহ আটক করে। আটকের পরই মুহসীন হলের ১২১ নম্বর কক্ষটি সিলগালা করা হয়। ঐ রুমে থাকতেন তুষার। তুষারের কাছ থেকে ইয়াবা ও কক্ষ থেকে লাঠিসোটাও জব্দ করা হয়েছে। আটকদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্বস্ত সূত্রের তথ্য পেয়ে প্রক্টরিয়াল টিম হল প্রশাসনকে নিয়ে অভিযান চালায়। দুই জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
