কাঙ্গালিনী সুফিয়ার পাশে প্রধানমন্ত্রী

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

গুরুতর অসুস্থ প্রখ্যাত ফোক সঙ্গীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। গত সপ্তাহে অসুস্থাবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে ডা. রিয়াজ উদ্দিনের অধীনে চিকিত্সা চলছিলো। অসুস্থ কাঙ্গালিনী সুফিয়াকে সাভারের এনাম মেডিক্যাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্প বলেন, ‘সোমবার ভোরে সাভার থেকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। আর এমন উদ্যোগ নেয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে।’

পুষ্প বলেন, ‘সোমবার ফজরের আজানের পর আমাদের এনাম মেডিক্যাল হাসপাতালে কিছু মানুষ আসেন। তারা সঙ্গে করে অ্যাম্বুলেন্সও নিয়ে আসেন। তারা আমাদের রেডি হতে বলেন। তারা অ্যাম্বুলেন্সে করেই আমাদের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজে নিয়ে আসেন। তখনও জানি না তারা আসলে কারা। পরে বলেন, প্রধানমন্ত্রীর লোক তারা। মায়ের চিকিত্সার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন। এখন থেকে বঙ্গবন্ধু মেডিক্যালেই মায়ের চিকিত্সা চলবে বলে জানিয়েছেন তারা।’

গত মঙ্গলবারও সাভারে নিজ বাড়িতে সুস্থই ছিলেন কাঙ্গালিনী সুফিয়া। কিন্তু হঠাত্ অসুস্থ হয়ে অজ্ঞান হলে দ্রুত এনাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হয়। সুফিয়ার মেয়ে পুষ্পই তাকে হাসপাতালে নিয়ে আসেন। তখন প্রাথমিক পরীক্ষা করে চিকিত্সকরা জানান, ব্রেইন স্ট্রোক করেছেন সুফিয়া। এমনকি হার্টে ও কিডনিতেও মেজর সমস্যা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানিয়েছিলেন চিকিত্সকরা। বাংলা বাউল গানের জনপ্রিয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান। বিটিভির তালিকাভুক্ত শিল্পী তিনি। গান গেয়ে ৪০টির মতো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরাণের বান্ধব রে’, ‘বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’ এবং ‘আমার ভাঁটি গাঙের নাইয়া’ গানগুলো উল্লেখযোগ্য।