কলপ্যাক চুক্তিতে আমলা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:১৮

স্পোর্টস ডেস্ক

কলপ্যাক চুক্তিতে দেশ ছেড়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটে পাড়ি জমানো ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের সংখ্যাটাই বেশি। এবার এই তালিকায় সামিল হতে যাচ্ছেন সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া হাশিম আমলা। ডানহাতি এই ব্যাটসম্যান চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন সারের সঙ্গে।

ক্লাসিক ব্যাটসম্যান আমলা বিশ্বকাপের পর গত আগস্টেই সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। তখন তিনি অবশ্য জানিয়েছিলেন, এবার তিনি শুধু দক্ষিণ আফ্রিকার হয়ে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন। যদিও, এবার ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়ে দিল যে, কলপ্যাকের বন্ধনে জড়াচ্ছেন তিনি। এর অর্থ হলো, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বন্ধন ছিন্ন করতে চলেছেন তিনি।

আমলা প্রোটিয়াদের হয়ে সব ধরনের ফরম্যাট মিলিয়ে ৩৪৯টি ম্যাচে ১৮,০০০ রান ৫৫টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক তিনি। ১২৪ টেস্টে প্রায় ৪৭ গড়ে ৯,০০০ অধিক রান ও ২৮টি সেঞ্চুরির মালিক সে। আমলার ওয়ানডে ক্যারিয়ার সবচেয়ে সমৃদ্ধ । ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল ক্রিকেটার তিনি। ১৮১টি ওয়ানডেতে প্রায় ৫০ গড়ে ৮,১১৩ রানের সঙ্গে ২৭টি সেঞ্চুরি করেছেন তিনি। আমলা  দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরিরও মালিক।