আয় না বাড়ায় বছরে লোকসান ৯ কোটি টাকা!

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২০

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড

আনিসুজ্জামান, রাজশাহী

রাজশাহীতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) বার্ষিক লোকসান অন্তত নয় কোটি টাকা। নতুন সংযোগ বন্ধ থাকায় কোম্পানির আয় বাড়ছে না। অথচ সংযোগ পেতে সাড়ে তিন বছর ধরে জমা পড়েছে আবেদনের স্তূপ। গ্যাসের অপচয় রোধ করে নতুন সংযোগ না দিলে পিজিসিএলের পক্ষে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে না। প্রায় একযুগ ধরে রাজশাহীতে পাইপলাইনে গ্যাস থাকলেও গৃহস্থালি ও শিল্পের সুবিধা থেকে বঞ্চিত রাজশাহী মহানগরীর মানুষ। সরকারি নিষেধাজ্ঞায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে নতুন সংযোগ। অথচ এ সময়ের মধ্যে জমা পড়েছে প্রায় সাড়ে ২১ হাজার আবেদন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গ্যাস এলেও চাহিদার তুলনায় গ্যাসের সুবিধা পেয়েছে খুব কম সংখ্যক মানুষ। বর্তমানে বাসাবাড়িতে মাত্র ৯ হাজার ১৫৭টি এবং শিল্পে ১১টি গ্যাস সংযোগ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী বলেন,  গ্যাস সংযোগ না দেওয়ায় রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে না। ১০ হাজারেরও কম আবাসিক শ্রেণিতে গ্যাস দেওয়া হয়েছে। এ থেকে যে আয় হয়, তা দিয়ে পিজিসিএলের স্থানীয় অফিসেরই বেতনভাতার ব্যয় মেটে না। তাই আরো অন্তত ২৫ হাজার সংযোগ প্রয়োজন। তাহলে হয়তো কোম্পানির আর্থিক ক্ষতি কমবে।

পিজিসিএলের রাজশাহী আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী এ এফ এম আজাদ কামাল বলেন, রাজশাহী মহানগরীতে ২৭০ দশমিক ১৫ কিলোমিটার গ্যাসের পাইপলাইন স্থাপন করেছে পিজিসিএল। এই নেটওয়ার্কের মাধ্যমে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা থাকলেও মাত্র ৩ দশমিক ২৫ মিলিয়ন ঘনফুট খরচ হয়। এ প্রকল্প বাস্তবায়নে নেওয়া ১০৮ কোটি টাকা ঋণের সুদ-আসলে পরিশোধ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় প্রতি বছর খরচ হচ্ছে -প্রায় ১১ কোটি টাকা। অথচ গ্যাস সংযোগ না বাড়ায় আয় দাঁড়িয়ে আছে মাত্র ২ কোটি টাকায়। এ হিসেবে কোম্পানির বছরে ৯ কোটি টাকা লোকসান হচ্ছে।

এদিকে গ্যাসের জন্য তুমুল আন্দোলনের নেতা রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘বিগত সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারদলীয় প্রার্থীদের অন্যতম প্রতিশ্রুতি ছিল গ্যাস সংযোগ আবার চালু করা। কিন্তু মেয়র ও এমপিরা তা এখনো করতে পারেননি। গ্যাস না পেলে আবারও রাজশাহীর মানুষ আন্দোলন-সংগ্রাম করে দাবি পূরণ করবে।

উল্লেখ্য, ২০০৯ সালে রাজশাহীতে গ্যাস সরবরাহ প্রকল্পের কাজ শুরু করে পিজিসিএল। আর ২০১২ সালের ১১ জুলাই শিল্পশ্রেণিতে গ্যাসের প্রথম সংযোগ দেওয়া হয়।