গাংনীর পোড়াপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রানী খাতুন (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাণী খাতুন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের নাছিমউদ্দীনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাণী খাতুন তার শ্বশুর আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলে চড়ে গাংনী থেকে বাড়ি যাচ্ছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাণী খাতুন জখম হন। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরেফিন সিদ্দীকি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আঘাতে রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের শ্বশুর আব্দুর রাজ্জাক বলেন, দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে আমি মোটরসাইকেল সামলাতে পারিনি। পেছন থেকে রাণী ছিটকে পাকা রাস্তায় উপর পড়ে যায়।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
