পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোখলেছুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
মোখলেছুর রহমান উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের আবদুল কাদিরের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মোখলেছুর রহমানের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার চাচাত বোন সালমা আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জায়গায় সালমা আক্তার ঘর নির্মাণের প্রস্তুতি নেয়। মোখলেছুর রহমান বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মোখলেছুর রহমান ও তার বাবা আবদুল কাদিরসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত মোখলেছুর রহমানকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিত্সক। ঐ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
