খুলনা অফিস
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাফি বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রাফি বেগম গোপালগঞ্জ জেলা সদরের বেতগ্রামের মতিউর রহমানের স্ত্রী। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে নারী-শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক (আরপিও) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রাফি বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার দিবাগত রাত দুটায় খুমেক হাসপাতালে ভর্তি হন। চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
