খুলনায় হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৩০

খুলনা অফিস

খুলনা সরকারি বিএল কলেজের ছাত্র ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লা হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। এ মামলার ১৪ আসামির মধ্যে ১২ জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: আরিফ শেখ ও রহমত।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২০ জুন রাত সাড়ে ১০টার দিকে নগরীর দেয়ানা উত্তরপাড়া হাসপাতাল মোড় এলাকায় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শিবলু খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের তত্কালীন কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লার ভাতিজা। এ ঘটনায় নিহতের পিতা ফারুকুজ্জামান বাবু মোল্যা দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।