বরিশাল বিমান বন্দর এলাকায় ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী জীবা আমিন খানের গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা থেকে বিমানে এসে মঙ্গলবার শেষ বিকেলে ঝালকাঠির উদ্দেশ্যে রওয়ানা হলে এ হামলার ঘটনা ঘটে।
মুঠোফোনে জীবা আমিন খান বলেন, 'গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অংশ নিতে আমি ঢাকা থেকে বিমানে বরিশাল আসি। নেতাকর্মীরা বহর নিয়ে আমাকে আনতে বরিশাল বিমান বন্দরে উপস্থিত হয়। বিমান বন্দর এলাকা থেকে গাড়িতে উঠে ঝালকাঠির উদ্দেশ্যে রওয়া হই। এ সময় ‘জয়বাংলা’ শ্লোগান দিয়ে কিছু লোকজন আমার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা বহরের চারটি মোটরসাইকেল ভাংচুর করে।'
তবে বিএনপি প্রার্থীকে বহনকারী গাড়িটি অক্ষত রয়েছে।
জীবা আমিন খান বলেন, 'আমার প্রচার-প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের ভয় দেখানোর জন্য এ হামলা চালানো হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ করবো, যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন সকলে যেন সমানভাবে প্রচার-প্রচারণা করতে পারে সে ব্যবস্থা নিন। নেতাকর্মীদের ওপর কোন প্রকার হামলার ঘটনা যেন না ঘটে।'
আরও পড়ুনঃ ফুলপুরে আওয়ামী লীগ ও বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০
এদিকে এই বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি এআর মুকুল বলেন, 'শুনেছি এয়ারপোর্টে বরিশাল ২ আসনে বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টুর লোকজনের সঙ্গে ছাত্রলীগের একটি গ্রুপের ঝামেলা হয়েছে। এর বেশী কিছু জানা নেই।'
ইত্তেফাক/নূহু
