৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, সুরক্ষা আইন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংগঠন। গতকাল বুধবার শাহবাগ চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ৬ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

দাবিগুলো হলো— জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননাকারীদের শাস্তি নিশ্চিত করা, সরকারি সব চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ এবং বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকে শতভাগ বাস্তবায়ন ও স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণ এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিষ্ঠানগুলোর সব পদে মুক্তিযোদ্ধা পরিবার থেকে নিয়োগ, বীর মুক্তিযোদ্ধাদের চিকিত্সা সেবা নিশ্চিতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং তাদের কল্যাণে ব্যাংক প্রতিষ্ঠা, রাজাকারসহ স্বাধীনতাবিরোধীদের সম্পদ বাজেয়াপ্ত এবং রাজনীতি নিষিদ্ধকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সব অপপ্রচার বন্ধ করা, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের বয়সসীমা প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে বৃদ্ধি করা।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের আহ্বায়ক অহিদুল ইসলাম তুষার, সদস্য সচিব ইমরুল হাসান নিশু, যুগ্ম আহ্বায়ক শোয়েব হোসেন প্রমুখ বক্তব্য দেন।