বরিশালে ব্যবসায়ীকে নির্যাতনকারী সেই তিন জন রিমান্ডে

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২২:২৭

হিজলা উপজেলায় আজম বেপারীকে অমানসিক নির্যাতনের পর মুখে মল-মূত্র ঢেলে দেওয়ার ঘটনায় নির্যাতনকারীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার হিজলা থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মো. খালিদ তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন, হিজলা উপজেলার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রশিদ, মাহাবুব সিকদার ও কবির।

গত মঙ্গলবার আজম বেপারীর বাবা মহিউদ্দিন ব্যাপারী বাদী হয়ে হিজলা থানায় অপহরণ, নির্যাতন, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে একটি মামলা করেন।

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর আজম বেপারী নামে এক তেল ব্যবসায়ীকে প্রকাশ্যে হাত ও পা বেঁধে রাস্তার ফেলে অমানসিক নির্যাতনের পর মুখে মল-মূত্র ঢেলে দেয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রশিদ, মাহাবুব সিকদার ও কবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও ক্লিপ ভাইরাল হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়। ভাইরাল হওয়া ভিডিওর সূত্রধরে মঙ্গলবার থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে।