বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ও তার স্ত্রীসহ চার জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানে খবর—
স্টাফ রিপোর্টার, রাজশাহী : পুঠিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল ঢাকা-রাজশাহী মহাসড়কে জেলার পুঠিয়া উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকার আজিম উদ্দীন (৪২) ও তার স্ত্রী রুমা বেগম (৩৫)। আজিম উদ্দীন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্য। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক চালক মকবুলকে আটক করেছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হাসেম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈইলারকান্দী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন আড়াইহাজার সদর পৌরসভার বাসিন্দা।
গাংনী (মেহেরপুর) : গাংনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রানী খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাণী খাতুন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের নাছিমউদ্দীনের স্ত্রী।
গজারিয়া (মুন্সীগঞ্জ): গজারিয়ায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দিলে চালক ও হেলপার আহত হন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
