প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানকারী এক প্রতারককে গাজীপুরের শিমুলতলী থেকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় শিমুলতলী এলাকার মৌবাগ থেকে তাকে আটক করা হয়। আটক ইল্লাম শাহারিয়ার (৩৭) ঢাকার ক্যান্টনমেন্ট বারিধারা ডিওএইচএস এলাকার মো. সাদিক হাসানের ছেলে।
গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস তাকে বাংলাদেশ দণ্ড বিধি ১৮৬ ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে গাজীপুর কারাগারে প্রেরণ করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাজীপুরের শিমুলতলীর মৌবাগ এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানকারী এক প্রতারক অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকার জনৈক ওবায়দুল হকের বাড়ির ২য় তলায় প্রতারক ইল্লাম শাহরিয়ারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি সেক্রেটারির নামে একটি আইডি কার্ড, এডিশনাল ডাইরেক্টরের নামে একটি আইডি কার্ড, ডেপুটি ডাইরেক্টরের নামে কাগজের প্রিন্ট করা দুইটি কার্ড, ডেপুটি সেক্রেটারির একটি কার্ড, ডেপুটি ডাইরেক্টরের নামে ভিজিটিং কার্ড-৫০০টি, সত্যায়িত প্রজ্ঞাপন দুই পাতা, প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিস আদেশ চার পাতা, বিভিন্ন প্রকার ব্যক্তির নামে (এসএসএফ পরিচালক, সচিব, ব্রিটিশ হাইকমিশনার, বিভিন্ন ব্যাংকসহ বিভিন্ন অফিসের নামে) পনেরটি সিল, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রামের ট্রাকসুট (একটি জলপাইট রঙয়ের শার্ট, সাদাকালো একটি), প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম ছোটো/বড়ো বিশটি, বাংলাদেশের মানচিত্র মনোগ্রাম পাঁচটি, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রামযুক্ত আইডি কার্ডের ফিতা দুইটি, এসএসএফের মনোগ্রামসহ ফিতা তিনটি, ডাচ্-বাংলা ব্যাংকের চেক বই একটি, সাউথইস্ট ব্যাংকের চেক বই একটি, সোনালী ব্যাংকের চেক বই একটি, ট্রাস্ট ব্যাংকের চেক বই একটি, নগদ ছয় লাখ টাকা, দুইটি মোবাইল ফোন, ঢাকা মেট্রো-চ-১১-৯৫৯৫ নম্বরের একটি টয়োটা আলফার্ড মাইক্রোবাস, পিএমও লেখা কালো ক্যাপ একটি, বাদামি রঙয়ের একটি জ্যাকেট, এসএসএফের জলপাই রঙয়ের পোশাক একটি, সিগন্যাল লাইট একটি, ওয়াকিটকি সেট দুইটি, লাইটার পিস্তল একটি, খেলনা পিস্তল একটি, এসএসএফের আইডি কার্ড একটি, প্রধানমন্ত্রী কার্যালয়ের আইডি কার্ড একটি, ঢাকা মেট্রো-র-১০১২ লিখা একটি গাড়ির নেম প্লেট এবং উল্লেখিত গাড়ির সমস্ত কাগজপত্র।
র্যাব আরো জানায়, আটককৃত ইল্লাম শাহরিয়া পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। ঐ পেশার আড়ালে সর্বসাধারণের কাছে সে প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানের পাশাপাশি তার ব্যবহূত গাড়িতে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন স্টিকার, মনোগ্রাম, ওয়াকিটকি সেটসহ এসএসএফের ব্যবহূত পোশাক ও ক্যাপ ব্যবহার করে আসছিল।
জিজ্ঞাসাবাদে ইল্লাম জানিয়েছে, সে দীর্ঘদিন যাবত্ নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা/কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষকে চাকরি, পদোন্নতি, বদলি, বিদেশে প্রেরণের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে সরকারি কাজে বাধা প্রদানের জন্য গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, ইল্লাম শাহরিয়াকে বাংলাদেশ দণ্ড বিধি ১৮৬ ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে গাজীপুর কারাগারে প্রেরণ করেছেন। অপরদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন অফিসের আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা/কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষকে চাকরি, পদোন্নতি, বদলি, বিদেশে প্রেরণের কথা বলে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে র্যাব তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে।
