উত্তরায় ফ্ল্যাটে অগ্নিকাণ্ড মালামাল ভস্মীভূত

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০০:৪৪

রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাটে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর পৌনে ৩টায় ১৩ নম্বর সেক্টর ১ নম্বর রোডের ২৯ নম্বর  বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে আগুন লাগে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের ফলে অন্যান্য ফ্ল্যাটে আগুন ছড়াতে পারেনি। তৃতীয় তলার ঐ ফ্ল্যাটে এনায়েত হোসেন নামে এক ব্যক্তি ভাড়া থাকেন। দুপুর ১টার দিকে এনায়েত হোসেনের স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে উত্তরার একটি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তখন বাসাটি তালাবদ্ধ ছিল। বাসায় তখন কোনো লোক ছিল না। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের ফলে ঐ ফ্ল্যাটের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভস্মীভূত হয়েছে।