প্রায় তিনদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ১৮টি ফেরির মধ্যে চলছে ১৫টি। সকাল ৮টার দিকে রোরোসহ অন্য ফেরি চলাচল শুরু করে এবং সকাল ১০টার দিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি ডাম্প ফেরি ছেড়ে যায়।
এর আগে গত সোমবার সন্ধ্যা থেকে নাব্যতা সংকটের কারণে সব ফেরি চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার দুপুর থেকে ছোট দুটি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে আটকা পড়েছে সহস্রাধিক ট্রাক ও পরিবহন।
যশোর থেকে আসা এক পণ্যবাহী ট্রাক চালক রহিম বেপারী বলেন, 'আগে ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হলে ফেরিতে পার হতে অতিরিক্ত ২-৩ হাজার টাকা লাগতো। এখন ফেরি ভাড়া ছাড়া আর অতিরিক্ত টাকা লাগে না।'
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, 'চ্যানেলমুখে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ ছিলো। গত তিনদিন ধরে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা নিরসন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ নৌরুটে মোট ১৮টি ফেরি রয়েছে। এরমধ্যে সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত ১৫টি ফেরি চলাচল শুরু করেছে। ডাম্প ফেরি ঠিকমত চলাচল করতে পারলে সব ফেরিই চলবে আশা করি।'
আরও পড়ুন: পানি দেয়ার উপায় দেখতে নেদারল্যান্ডে যাওয়া ৬ জনই প্রকল্পের নন
ইলিয়াছ আহম্মেদ চৌধুরী কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক পুলিশ বুথের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (টিআই) মো. নাসির উদ্দিন সরকার বলেন, 'প্রায় তিনদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় ফিরে এসেছে চঞ্চলতা। আটকে থাকা কিছু ট্রাক ও পরিবহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করছি। ঘাটে কিছু যানজট থাকলেও আশা করি বিকেলের মধ্যে সব পরিস্কার হয়ে যাবে।'
ইত্তেফাক/এএন
