মানজুর মুহাম্মদ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:২৭

ভাঙা শুধু ডানা

 

আলো ঠোঁটে বনে বনে হলো কত গান

গহিনের বাড়ি ছিল নিরব আঁধার

জল কই জল সুখে তেমন কাঁদার

প্রহরের পথে পথে পড়ে থাকে প্রাণ।

মানুষের মায়া চোখ ঝরে শতদল

সুখ কথা রূপকথা জানা হলো খুব

মরীচিকা ধু-ধু তবু মন দেয় ডুব

পাখিদের পাখা খোঁজে জল টলমল।

 

বাতাসের বিনি সুতো গেঁথে যায় সুর

মনোবাড়ি মৃত মন লাশ হয়ে ঘুরে

ভালোবাসা প্রেম চায় খাঁটি হতে পুড়ে

দেহে মিশে দেহ থাকে তবু বহু দূর।

সুখে শুধু দিয়ে যায় বাজপাখি হানা

উড়ে যেতে চায় মন, ভাঙা শুধু ডানা।

 

 

 

কালের চুম

 

বাতাসের সাথে কথা হয় অতীত আগাম সব

নৈঃশব্দের আলোয়ানে নকশি ফুল ফোটায় রব

পরাস্ত প্রযুক্তি জানে না গোলাপের মনে কী আছে

সব কিছুর আবডালে সতত অন্য সত্য নাচে

এখানে চোখ ধাঁধানো ঘ্রাণহীন কর্পোরেট মায়া

মেকি কায়ার পিছে কাঁদে একা আকুল প্রাণ-ছায়া

ল্যাম্পপোস্টের রুগ্নতায় সন্ধ্যা হাঁটে ফাঁপা নগরে

চোখের তারা আনত নয় বকুল বেলি টগরে

 

নিঃশ্বাস পড়ে নেয় শুধু নীরবে ক্লেদাক্ত প্রহর

দুরু দুরু বুকে বাজায় ভয় আসমানি ক্বহর

নিঃসীম নীলের বাড়ি চেয়ে থাকে এপারের ঘাট

পিপাসা নিভিয়ে চলে গেছে কবে জীবনের পাঠ

মাংসল কঙ্কালে লতিয়ে ওঠে শুধু হাইব্রিড ঘুম

চলে যাব তবে নিয়ে যাব কালের একটি চুম।