পিপাসা
তোমাকে শোনাব গান কাহিনি কবিতা
সরভাসা চায়ে টোস্ট বিস্কুট চুবিয়ে
আমার নায়িকা তুমি কবরী ববিতা
কৈশোরের স্বপ্নে আজও রেখেছ ডুবিয়ে
সুজনসখির সুরে ভেসেছিল খেয়া
ম্যাটিনি-শেষের রেশ কত রাতভর
পাড়ায় প্রথম প্রেম, চিঠি দেয়ানেয়া
লাল গোলাপের মমি বইয়ের ভেতর
এখন কোথায় প্রেম, জ্বলছে আগুন
স্মৃতিপথে নিভে গেছে আলোর মিছিল
আমাদের ধর্ম জুড়ে মানুষের খুন
হূদয়ে হূদয়ে আজ ঘৃণার পাঁচিল
আমি তো প্রেমিক কবি, অন্তরে পিপাসা
বুকের স্পন্দন তার নাম ভালোবাসা
ঘুঘু
ভেঁপু বাজে জোরে জোরে গাড়ি চলে ধীরে
ভাঙা পায়ে পথচারী হেঁটে যায় দ্রুত
শহর হারায় ভাষা সকালের ভিড়ে
টাকুর মাকুর টানে ছিঁড়ে যায় সুতো
বাজারে গরম হাওয়া দেহে লাগে ছ্যাঁকা
অফিসের ওঠানামা শিরে তাজা পীড়া
খালিপেটে খায় চাঁদু ভাজা ভ্যাবাচ্যাকা
ফুলে ফেঁপে তেতে ওঠে শিরা উপশিরা
নিয়মনীতির চেয়ে প্রয়োজন বড়
পেঁয়াজু মুড়ির সাথে লাগাও বেগুনি
কেউ যদি ভুল করে তাকে চেপে ধরো
স্বভাবের দোষে গুণে সকলেই খুনি
যে যার নিজের স্রোতে ভেসে যেতে থাকে
ধানখেতে বসে ঘুঘু আনমনে ডাকে
