নাটোরের বড়াইগ্রামে বৃহস্পতিবার উপজেলার ৯৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে ২৭ হাজার ৮৬৪টি গাছের চারা রোপণ করেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে ২০১৫ সাল থেকে জুবায়ের আল মাহমুদ রাসেল নামের এক তরুণের ‘এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ’ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ইউএনও আনোয়ার পারভেজ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা শ্রী রবীন্দ্র নাথ সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমা খাতুন, উন্নয়ন সংস্থা রুম টু রিডের কর্মকর্তা আতোয়ার হোসেন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।
