যে কোনোভাবে বিশ্ববিদ্যালয় থেকে র্যাগিং-বুলিং বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয় থেকে র্যাগিং বা বুলিংয়ের নামে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করা হচ্ছে। বুয়েটের একজন শিক্ষার্থীকে প্রাণ হারাতে হয়েছে। এ কারণে সেখানে আজ অস্থির অবস্থা বিরাজ করছে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।
দীপু মনি বলেন, ‘নিজের মত প্রকাশ করায় দেশের শীর্য পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটে আবরার নামে একজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আমি শোকাহত, মর্মাহত, ব্যথিত।’
র্যাগিং বন্ধ করা সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে এ নির্যাতন বন্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকেও এ বিষয়ে শিক্ষা দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
সমাবর্তন বক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সিনিয়র ডেপুটি ভাইস চ্যান্সেলর এবং ভাইস প্রেসিডেন্ট ল্যালাসটেইর ডসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ। সমাবর্তন অনুষ্ঠানে মোট ৩ হাজার ১৯২ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।
