আবরার হত্যাকাণ্ড বাক্-স্বাধীনতার ওপর আঘাত :টিআইবি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:২৫

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডকে বাক-স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত হিসেবে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে বুয়েটসহ দেশের সকল শিক্ষাঙ্গনের ছাত্রসংগঠনকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল ছাত্রসংগঠনসহ শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত করার কোনো বিকল্প নেই। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা উদ্বিগ্ন এবং শঙ্কিত।

আশা করি, রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীল অংশ আমাদের এই উত্কণ্ঠার গভীরতা উপলব্ধি করতে পারবেন, অনুতপ্ত হবেন এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও সর্বোপরি আইনের শাসন এবং প্রজন্মের কল্যাণ বিবেচনায় ছাত্রসংগঠনগুলোকে অসুস্থ রাজনীতির কালো থাবা থেকে মুক্ত করবেন। একইসাথে, নিজ উদ্যোগে বাংলাদেশে সুস্থ রাজনীতির বিকাশের স্বার্থে রাজনৈতিক দলকে সত্যিকার অর্থেই সুস্থ রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করতে আমূল সংস্কার কার্যক্রম গ্রহণ করবেন।            দেশের তরুণ প্রজন্মের, বিশেষ করে নির্দলীয় সাধারণ শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে উল্লেখ করে বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের ক্রান্তিলগ্নে শিক্ষার্থীরাই বারবার সোচ্চার হয়েছেন, কার্যত জাতিকে পথ দেখিয়েছেন, সফল নেতৃত্ব দিয়েছেন। আজ তাদেরই উত্তরসূরিদের ব্যবহার করা হচ্ছে হীন রাজনৈতিক স্বার্থে। ছাত্রসংগঠনের নেতাকর্মীরা খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, মাদকব্যবসাসহ এমন কোনো অপকর্ম নেই যাতে জড়িয়ে পড়ছেন না। এই অসুস্থ অবকাঠামোকে ভেঙে দেওয়া ছাড়া উত্তরণের আর কোনো পথ আছে বলে আমাদের জানা নেই। তাই রাজনৈতিক নেতৃত্বের কাছে আমাদের প্রত্যাশা এবং দাবি, ‘এখনই শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করুন, দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতাপুষ্ট ছাত্রসংগঠনের সকল কার্যক্রম বন্ধ করুন, এবং সাধারণ শিক্ষার্থীদের নিজ উদ্যোগে ছাত্রসংগঠন বিকশিত হবার পরিবেশ সৃষ্টি করুন।’